বরগুনার তালতলীতে বঙ্গোপসাগরের মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার জেলে মান্নান খানের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করা হয়।
জানা যায়, গতকাল শুক্রবার রাতে উপজেলার ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেন মান্নান খান। আজ সকালে জাল তুলতে গিয়ে সাড়ে ২২ কেজি ওজনের একটি কোরাল মাছ আটকে থাকতে দেখেন।
বিশাল আকৃতির তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী শহিদুল হক তালুকদারের আড়তে উন্মুক্ত ডাকের মাধ্যমে কেজিপ্রতি ৮৫০ টাকা দরে মাছটির দাম হাঁকানো হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধা মাছটি ১৯ হাজার ১২৫ টাকায় কিনে নেন।
ব্যবসায়ীরা জানান, মাছটির রঙ কিছুটা সাদাটে হয়ে যাওয়ায় এর প্রত্যাশিত দাম পাওয়া যায়নি। কিছুটা সতেজ থাকলেই এর দাম ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত উঠতো বলে ধারণা তাদের।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একইসঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এতো বড় কোরাল নদীতে ধরা পড়েছে।