৪০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য রাকাব রাজশাহী জোনের

সভাপতির বক্তব্যে মো. মহববত আলী বিশ্বাস বলেন, রাজশাহী জোনের অধীনে ২৬টি শাখা রয়েছে। গত অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৫৭ কোটি টাকা। লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি অতিরিক্ত ৩ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে, যা রাজশাহী জোনের বড় সাফল্য। তিনি জানান, চলতি অর্থবছরে ৪০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী জোন ২০২৬-২৭ অর্থবছরে গ্রাহকদের মধ্যে ৪০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। একই সঙ্গে কৃষক, উদ্যোক্তা ও পরিবেশবান্ধব ব্যবসায়ীদের সেবা বাড়াতে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় রাকাবের রাজশাহী জোনের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নবিষয়ক সেমিনারে এসব পরিকল্পনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম মরতুজা। বিশেষ অতিথি ছিলেন রাকাবের প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. তাজ উদ্দীন আহমদ এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মো. মহববত আলী বিশ্বাস।

সভাপতির বক্তব্যে মো. মহববত আলী বিশ্বাস বলেন, রাজশাহী জোনের অধীনে ২৬টি শাখা রয়েছে। গত অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ৩৫৭ কোটি টাকা। লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি অতিরিক্ত ৩ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে, যা রাজশাহী জোনের বড় সাফল্য। তিনি জানান, চলতি অর্থবছরে ৪০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, গত অর্থবছরের অভিজ্ঞতার ভিত্তিতে নতুন কর্মপরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে শ্রেণিকৃত ঋণ ১০ শতাংশে নামিয়ে আনা, আমদানি বিকল্প মসলা উৎপাদনে কৃষকদের ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ, নতুন ঋণ ও নতুন গ্রাহক বৃদ্ধি, ডিজিটাল সেবার সম্প্রসারণ, নিয়মিত লেনদেনকারী গ্রাহকের সংখ্যা বাড়ানো, সরকারি নির্দেশনা অনুযায়ী বিশেষ সুদ সুবিধার আওতায় খেলাপি ঋণ কমানো, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প ঋণ বৃদ্ধি এবং সৌরবিদ্যুৎ ও বায়োগ্যাসের মতো পরিবেশবান্ধব খাতে ঋণ বিতরণের বিষয় রয়েছে।

সেমিনারে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী জোনে ঋণের স্থিতি ছিল ৫৬৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা দাঁড়িয়েছে ৫৬৬ কোটি টাকা। একই সময়ে আমানত ৫৮৪ কোটি টাকা থেকে বেড়ে ৭১৬ কোটি টাকায় উন্নীত হয়েছে।

এ সময় আরো জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ১০৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ১০৬ কোটি টাকায় নেমে এসেছে।

রাকাব সূত্র জানায়, সার্টিফিকেট মামলার মাধ্যমে ঋণ আদায় এবং ঋণগ্রহীতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের কারণে রাজশাহী জোনে শ্রেণিকৃত ঋণ কমেছে। এর ফলে ২০২৫-২৬ অর্থবছরে রাজশাহী জোন ১৪ কোটি ৫৪ লাখ টাকা মুনাফা অর্জন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম মরতুজা বলেন, শাখা ব্যবস্থাপকদের দক্ষতার সঙ্গে কাজ করে নতুন আমানত সংগ্রহ এবং ভালো ঋণ বিতরণ বাড়াতে হবে। পাশাপাশি কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আরও