ঢাকার ধামরাইয়ে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা এলাকার টাইগার ব্রিকস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আখি (৩০), মো. জাকারিয়া (১২) ও অজ্ঞাতনামা সিএনজিচালক (আনুমানিক ৪০ বছর)। তাদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে নান্দেশ্বরী বটতলা এলাকার পাকা সড়কে সিএনজিচালিত অটোরিকশাকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালকসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তিনজনের মৃত্যু হয়।
ধামরাই থানার কাওয়ালিপাড়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস বলেন, পিকআপের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সিএনজিচালক ও দুই যাত্রী রয়েছেন। মরদেহগুলো হাসপাতালে রাখা হয়েছে।