প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রচলিত পাঠ্যবইয়ের পাশাপাশি কারিকুলামভিত্তিক শিক্ষণীয় খেলনা (লার্নিং টয়) যুক্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘শিশুরা খেলতে খেলতে আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারবে। একই সঙ্গে শ্রেণীকক্ষে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিজ্ঞানভিত্তিক চর্চার সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’
গতকাল রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে আয়োজিত ‘মেধা ও সৃজন উৎসব ২০২৬’-এর সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা যেন শ্রেণীকক্ষে খেলতে খেলতে পড়াশোনা করতে পারে, সে ধরনের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে শ্রেণীকক্ষে খেলাধুলার উপযোগী জায়গা রাখার পাশাপাশি পাঠ্যবইয়ের মতো কারিকুলামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন শিক্ষণীয় খেলনা দেয়ার পরিকল্পনা রয়েছে। এসব খেলনার মাধ্যমে শিক্ষকরা আরো সহজ ও আনন্দময় উপায়ে পাঠদান করতে পারবেন।’
প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা বিজয়ী হতে পারেনি, তাদের হতাশ না হয়ে আরো মনোযোগ দিয়ে প্রস্তুতি নিতে হবে। সামনে তাদের জন্য অনেক সুযোগ অপেক্ষা করছে।’
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।