প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার। গতকাল মন্ত্রপরিষদ বিভাগ এ-সংক্রান্ত থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ২১ আগস্ট চৌধুরী আশিককে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
এর আগের দিন থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হয়েছে। নতুন আইন অনুযায়ী ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশে বিনিয়োগ সম্প্রসারণ, বিনিয়োগকারীদের সেবা প্রদান এবং বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম সমন্বয়ে কাজ করবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে নতুন কর্তৃপক্ষ ইনভেস্ট বাংলাদেশ গঠন করা হয়েছে। এখন থেকে বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম নতুন এই কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালিত হবে।