বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপিতে সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিদের সদস্য করার বিষয়ে খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগের সমর্থক ছিল; কিন্তু বিএনপির কার্যক্রমে বাঁধা দেয়নি, আমাদের জুলুম করেনি, উল্টো ভেতরে-ভেতরে আমাদের সহযোগিতা করেছে, তাদের দলে নিতে কোনো সমস্যা নেই।
শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির ‘সদস্য নবায়ন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আমীর খসরু বলেন, গোপনে কাউকে সদস্য করা যাবে না। বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে। তাই এ জায়গাতে আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই মেম্বার সংগ্রহ করতে গিয়ে আমরা চেষ্টা করব বৃহত্তর অংশকে আমাদের আওতায় নিয়ে আসার জন্য। কারণ এটা দেশের বৃহত্তর দল, তাই দেশের বৃহত্তর অংশ যাতে বিএনপির সদস্য হয়। এ মেম্বারশিপ দিনের আলোতে করতে হবে। অন্ধকারে কোনো কাজ নয়। কোনো লুকোচুরি করা যাবে না।
তিনি বলেন, শেখ হাসিনা বিতাড়িত; আগামী দিনে দেশের মানুষের নতুন স্বপ্ন হলো দেশ গড়ার স্বপ্ন। মানুষ, নতুন প্রজন্ম কী চাচ্ছে সেভাবেই দেশটা গড়তে হবে, দেশে গণতান্ত্রিক পরিবেশ থাকতে হবে, যে গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। দেশে একটা অর্থনৈতিক ব্যবস্থা থাকতে হবে, যেই অর্থনৈতিক ব্যবস্থায় সাধারণ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করতে পারবে। বিএনপির নতুন স্লোগান হচ্ছে অর্থনীতিতে গণতান্ত্রয়ন করা। মানে রাজনীতিতে গণতান্ত্রয়ন করা আর অর্থনীতিতে গণতন্ত্রায়ন করা করা। এ গণতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগ শাসনামলে বিএনপি তার সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পালন করতে পারেনি। কারো বাড়িতেও যদি একটা অনুষ্ঠান বা আলোচনা হচ্ছে, সেখানেও গোয়েন্দা বিভাগের লোকজন উপস্থিত। দীর্ঘ ১৫ বছর বিএনপির মতো এত বড় একটা বিশাল দল; যারা রাজনৈতিক-সাংগঠনিক কার্যক্রম চালাতে বাধাগ্রস্ত হয়েছে, সঠিকভাবে দলের যে কাজগুলো করার কথা ছিল সেগুলো আমরা করতে পারিনি। বাধা উপক্ষো করে অনেক কিছু করেছে, সংগ্রাম, মৃত্যুবরণ, রাস্তায় নামতে হয়েছে, জেলে যেতে হয়েছে, মৃত্যুবরণ করেছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছে, চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছে; প্রায় ৭০ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে।
সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির নতুন যাত্রা শুরু জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা হচ্ছেন প্রত্যেকটি এলাকার নোঙর। মানে যেভাবে নোঙর জাহাজ ধরে রাখে। আপনারা বিএনপির জাহাজটাকে ধরে রাখবেন। এটার ওপর নির্ভর করছে আগামী দিনে বিএনপির রাজনীতি, এগিয়ে যাওয়া, নির্বাচন ও বাংলাদেশ গড়ার। অনেক বড় দায়িত্ব কিন্তু আপনাদের ওপর।