কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘু্ন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন— অটোরিকশার চালক বাহার উদ্দিন বানু (৩০) ও যাত্রী আতিকা (১৫)। চালক বাহার উদ্দিন ভুরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা। আহতরা হলেন— আবু বক্কর, মোর্শেদা ও ফাতেমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ড্রাম ট্রাক সোনাহাট স্থলবন্দরের দিকে যাচ্ছিল। পথে ঘু্ন্টিঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মারা যান অটোচালক বাহার উদ্দিন। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান আতিকা।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।