মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ এবং নারী হেনস্থার ঘটনায়ও উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার শোকবার্তায় বলেন, চিকিৎসাধীন অবস্থায় শিশু আছিয়ার মৃত্যু আমাদের জন্য অন্তত বেদনাদায়ক। তার মৃত্যু আমাদের সমাজের নৈতিক অবক্ষয় চেহারা পরিষ্কার করে দিয়েছে।
নেতারা বলেন, আমরা প্রত্যাশা করি যে, শিশু আছিয়ার ধর্ষণের বিচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ধর্ষকদের শাস্তির এক শান্তির এক দৃষ্টান্ত স্থাপন হোক। কেননা দেশে দীর্ঘদিন ধরে বিচারহীন, বিচার রাজনৈতিক হস্তক্ষেপ এবং দীর্ঘসূত্রতা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে যে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, শিশু আছিয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে সেই বিচার ব্যবস্থা আবার জেগে উঠুক। ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার না হলে আছিয়াদের মৃত্যু থামবে না। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।