লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্তবর্তী আমঝোল এলাকায় বাঘের আক্রমণে তিনজন আহত হয়েছেন। গতকাল বিকালে ভারত থেকে একটি বাঘ বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে তাদের ওপর আক্রমণ চালায়। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন আমঝোল গ্রামের শরিফা বেগম, আফসার হোসেন ও নজরুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফা বেগম ধানখেতে ছাগল খুঁজতে যান। এ সময় ছাগলটির কাছে গেলে তিনি বাঘের আক্রমণের শিকার হন। পরে এ ঘটনায় আরো দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যান। হাতীবান্ধা হাসপাতালের উপ-মেডিকেল কমিউনিটি অফিসার মামুন রহমান বলেন, ‘বাঘের আক্রমণে আহত তিনজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’