ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপের (এসবিই) আয়োজনে ঢাকায় শুরু হয়েছে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিকস, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট ২০২৫ (আইসিইবিটিএম ২০২৫)। গতকাল সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। আরো বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ড. ম. তামিম, উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ লুন্ড, এসবিইর ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাইসুল আওয়াল মাহমুদ এবং সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক ড. মো. মামুন হাবিব। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর।
প্রথম দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. হোসেন জিল্লুর রহমান, যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিজনেস স্কুলের অধ্যাপক ড. জনাথন লিউ ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব নটিংহামের অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান। সেশন চেয়ার হিসেবে অংশ নেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ এ. সোবহানী ও যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির ড. ডেরেক ওয়েস্টফল।
শিল্প খাতের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত হয় ‘ইন্ডাস্ট্রি টক’ ও ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ডিসকাশন’ শীর্ষক কয়েকটি আলোচনা। শিক্ষা খাতের প্রতিনিধি হিসেবে অংশ নেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মেরিটাইম একাডেমির ড. ফেরদৌস সালেহীন, আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমএম নূরুল আবসার, এআইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ও অধ্যাপক ড. রাজাহ রাসিয়াহ (মালয়েশিয়া)।
শিল্প খাতের নেতাদের মধ্যে ছিলেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রহিমআফরোজের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড. আহমাদ আহসান, অ্যামচেমের মির্জা সজীব রায়হান, এমসিসিআইয়ের কামরান টি রহমান, আইসিডিডিআর’বির ড. মো. মোশারফ হোসেন, যুক্তরাজ্যের সিআইটিএলের ড. বেন বাভেফপেফে ও এমেকা হেনরি এগসন (কানাডা)।
দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল দুটি প্যারালাল সেশন, যেখানে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা মোট ৮০টি গবেষণাপত্র উপস্থাপন করেন। পাশাপাশি ছিল একটি পিএইচডি কলোকিয়াম ও পেপার প্রডিউসিং কর্মশালা, যেখানে পিএইচডি শিক্ষার্থীরা তাদের চলমান ও সমাপ্ত গবেষণাকর্ম উপস্থাপন করেন।
এ আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতসহ ১২টির বেশি দেশ থেকে আগত ৩০০ শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও শিল্প খাতের নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেছেন।