ডেঙ্গুতে ৬ জন ও হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো তিন শিশু। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে তিনজন, ময়মনসিংহ বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গে যাদের মৃত্যু হয়েছে তারা চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭০ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জনে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৩২ হাজার ৪৪৯ জন।

২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে আছে ৯০০ জন। এছাড়া চট্টগ্রামে ২৫২ জন, খুলনায় ২৯৪, বরিশালে ১৮৩, রাজশাহীতে ১৫৩, ময়মনসিংহে ৯৫, রংপুরে ৭১ ও সিলেট বিভাগে ২২ রোগী ভর্তি হয়েছে।

তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৩ জনে। এর মধ্যে গত অক্টোবরেই মারা গেছে রেকর্ড ১৭৪ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগী মারা যায়।

এদিকে রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৪৯২ জনের শরীরে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৬ জনের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৯১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।

আরও