সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চেসি ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। আহত চেসি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকার উদ্দেশে যাত্রা করে। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
এর আগে গতকাল সোমবার রাজশাহীর বাগমারা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন চেসি ত্রিপুরা। দুর্ঘটনার পর তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। তার মাথার ডান পাশে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় শিক্ষার্থীর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথার খুলিতে ফাটল ধরে। নিউরোসার্জারির প্রয়োজন হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। এ সময় তিনি ভেন্টিলেশনে ছিলেন।
উপাচার্য আরো জানান, চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখানে তার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসার কাগজপত্র আগেই পাঠানো হয়েছে।
চেসি ত্রিপুরার জন্য প্রার্থনার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, আমি দেশবাসীর কাছে বলব, আমাদের এ শিক্ষার্থীর জন্য আমরা সবাই যেন বিধাতার কাছে প্রার্থনা করি, যাতে সে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।