অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধাদি স্থগিত এবং অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে তার এ এক বছর চুক্তিভিত্তিক মেয়াদ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর অর্থ সচিব হিসেবে যোগ দেন খায়েরুজ্জামান মজুমদার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। পরবর্তী সময়ে তিনি বিসিএস (শুল্ক ও আবগারি) কর্মকর্তা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।