জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার সার্জিক্যাল মোড় এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, তাকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছে।
গুলিবিদ্ধ হওয়ার পরপরই স্থানীয়রা মোতালেব শিকদারকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মোতালেব শিকদার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং দলটির অঙ্গ সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।