একনেকে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

সভায় মোট ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা। প্রকল্প ঋণ ধরা হয়েছে ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় মোট ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পের মধ্যে নতুন, সংশোধিত ও মেয়াদ বৃদ্ধি করা প্রকল্প রয়েছে।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় মোট ৪৬ হাজার ৪১৯ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ২২টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩০ হাজার ৪৮২ কোটি ৪৯ লাখ টাকা। প্রকল্প ঋণ ধরা হয়েছে ১ হাজার ৬৮৯ কোটি ৬১ লাখ টাকা। সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪ হাজার ২৪৭ কোটি ৫৬ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি। সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৩টি প্রকল্পের।

সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প রয়েছে। এগুলো হলো কর্ণফুলী টানেল এলাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন। দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি স্থলবন্দর থেকে ডুগডুগি ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ সড়কের কালভার্ট পুনর্নির্মাণ প্রকল্প। এছাড়া ঢাকা কাঁচপুর থেকে সিলেট তামাবিল মহাসড়ক চারলেনে উন্নীতকরণে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্পের সংশোধন অনুমোদন দেয়া হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রকল্পে নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৮টি ১৫ তলা ভবনে ৬৭২টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এর মধ্যে রয়েছে ঢাকা ওয়াসার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন, সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন ও পানি সরবরাহ উন্নয়ন, জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন প্রকল্প, পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সিলেট বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক উন্নয়ন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে মোংলা কমান্ডার ফ্লোটিলা পশ্চিমাঞ্চলের অবকাঠামো উন্নয়ন এবং সাভারে সেনাবাহিনীর ফিজিওথেরাপি ও পুনর্বাসন ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়ন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্পে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পে গাজীপুরের কোনাবাড়িতে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ করা হবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পে জাতীয় উন্নত নার্সিং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা ও গবেষণা সক্ষমতা বাড়ানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দুটি প্রকল্পে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মধ্যে রয়েছে রাঙ্গামাটি জেলার কর্ণফুলী ও সংযুক্ত নদীর টেকসই পানি ব্যবস্থাপনা, গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ, সুরমা-কুশিয়ারা নদী অববাহিকা উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্পের সংশোধন।

কৃষি মন্ত্রণালয়ের একটি প্রকল্পে বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন করা হবে। ধর্ম মন্ত্রণালয়ের একটি প্রকল্পে দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন করা হবে।

সভায় পরিকল্পনা উপদেষ্টা একনেককে আগেই অনুমোদিত ১০টি প্রকল্পের বিষয়েও অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণে কর্মসংস্থান সৃষ্টি, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু ঝুঁকিপূর্ণ চর ও দ্বীপ উন্নয়ন, নদী তীর সংরক্ষণ, বন্যা ব্যবস্থাপনা, র‌্যাবের সক্ষমতা বৃদ্ধি, পরিকল্পনা মন্ত্রণালয়ের ক্যাম্পাস উন্নয়ন, ফরিদপুর টেপাখোলা লেক উন্নয়ন এবং অর্থনৈতিক শুমারি ২০২৩ এর সংশোধিত প্রকল্প।

আরও