সাতক্ষীরায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সাতক্ষীরা সদর ও শ্যামনগর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন সাতক্ষীরা শহরের কামালনগর মহল্লার মো. ইউনুস আলী (৪৫) এবং শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামের আব্দুর রাজ্জাক (৫০)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মো. ইউনুস আলী পেশায় ভ্রাম্যমাণ ঝালমুড়ি বিক্রেতা। রোববার সকালে প্রতিদিনের মতো তিনি মোটরভ্যান চার্জ দিচ্ছিলেন। একপর্যায়ে ভ্যানটি বিদ্যুতায়িত হলে তিনি ভ্যানে হাত দেয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, আজ সকাল ৯টার দিকে শ্যামনগর উপজেলার ছোট ভেটখালী গ্রামে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুর রাজ্জাক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।