গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় শিশুসহ সিএনজির তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকালে শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম পাশে বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিএনজির যাত্রীরা সবাই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে সিএনজি যোগে নরসিংদী যাচ্ছিলেন।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মৃত গুক্কুরের ছেলে আবু তালেব (২৭) ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সুকন্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আলী উল্লাহ (৪০)।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজিটি দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক সেটিকে চাপা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা গেছে। একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে, অন্যজনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে।