আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান জানান, তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাই তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। গত সোমবার (২৯ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ (সদর) আসনের মনোনয়নপত্র জমা দেন নির্বাচন সমন্বয়কারী জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে। তবে নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন জমা না দেয়ায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তবে বগুড়া-৭ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। আসনটিতে বিএনপির মোরশেদ মিলটন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এর আগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহর মনোনয়নপত্র বাতিল করা হয়।