সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ উদযাপনে আগামী ২-৩ দিনের মধ্যে দেড় কোটি লোক ঢাকা ছাড়বে। এ যাত্রা স্বাভাবিক করাটা চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি, তাতে আশা করি কোনো ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবেন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোনা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সড়কমন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক এখনো দুই লেনের রাস্তা এবং অত্যন্ত সরু। এ সড়ক আরো চওড়া করা দরকার। এটা সরকার উপলব্ধি করে। এবার এসে আমিও নিজ চোখে দেখে গেলাম। দ্রুত কীভাবে কাজটা শুরু করা যায়, সেই পরিকল্পনা সরকারের আছে। সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে চায়।
গোমা সেতু উদ্বোধনের সময় সেতুমন্ত্রী বলেন, সেতুটির কারণে কেবল একটি এলাকার মানুষ উপকৃত হবে তা কিন্তু নয়, বরং বরিশালের সঙ্গে পটুয়াখালীর বিচ্ছিন্ন একটি অংশের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। যা এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনে সহায়তা করবে।
এ সময় সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, জাতীয় সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।