কারিগরি ধারায় উচ্চশিক্ষাকে জনপ্রিয় করে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে ইতিবাচক ধারণা তৈরির উদ্দেশ্য নিয়ে একটি সচেতনতামূলক একটি প্রচার কর্মসূচি শুরু করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটে ক্যাম্পাস ওপেন ডে আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রকল্প এ কর্মসূচি বাস্তবায়নে সহায়তা দিচ্ছে। বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। এ সময় রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরেরা, রাজশাহী জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মো. মাসুদুর রহমান রিংকু।
জিএসএম জাফরউল্লাহ অংশগ্রহণকারী শিল্প প্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের আরো বেশি
কর্মসংস্থান তৈরির তাগিদ দেন। তিনি বলেন, সরকারের অঙ্গীকার আছে রাজশাহী অঞ্চলে বৃহৎ শিল্প স্থাপনের। তখন আমাদের প্রচুর দক্ষ জনশক্তির প্রয়োজন হবে।
ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপে অংশগ্রহন করেন প্রায় ১০০ শিক্ষার্থী। এছাড়া
ক্যারিয়ার ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন আরো প্রায় ১০০ শিক্ষার্থী।
এছাড়াও ছিল জব ফেয়ার। জব ফেয়ারে স্থানীয় ১৯টি শিল্প-কারখানা
ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আগ্রহীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন। সেখানেই চাকরির
লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করে আটজনকে চাকরিও দেয়া হয়। এছাড়া আরো আটজনের চাকরি নিশ্চিত করা হয় সেখানে।
ক্যাম্পাস ডে উদ্বোধনের মেলায় শিক্ষার্থীরা তাদের দক্ষতা তুলে ধরেন। দক্ষতা
প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীকে সার্টিফিকেট দেওয়া হয়।