গ্যাস সংকট কাটিয়ে প্রায় আট মাস পর উৎপাদনে ফেরার দুদিনের মাথায় আবারো বন্ধ হয়ে গেছে জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা (জেএফসিএল)। যান্ত্রিক ত্রুটির কারণে গত বুধবার গভীর রাত থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) মো. ফজলুল হক জানান, গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে একটি প্লান্টের বয়লারে ছিদ্র দেখা যায়। সেটি মেরামতের জন্য উৎপাদন বন্ধ রাখা হয়। এর পর থেকে কারখানা বন্ধ আছে।
তিনি বলেন, ‘এটি বড় ধরনের কোনো সমস্যা না। যেহেতু আমরা পুরোদমে উৎপাদনে গিয়েছি এবং গ্যাসের চাপও ভালো পাওয়া যাচ্ছে; তাই ওই ছোট ত্রুটিও মেরামত করে নিচ্ছি, যাতে পরে কোনো বড় সমস্যা না হয়। আশা করছি, আগামী শনিবার আবার পুরোদমে উৎপাদনে ফিরতে পারব। কারখানাটি অনেক দিন পর চালু হয়েছে, তাই ছোটখাটো সমস্যা হতে পারে। চালুর পর এ পর্যন্ত বড় কোনো সমস্যা দেখা যায়নি।’
মো. ফজলুল হক জানান, বর্তমানে যে গ্যাসের চাপ পাওয়া যাচ্ছে, তাতে কারখানায় দৈনিক প্রায় ১ হাজার ৩০০ টন ইউরিয়া উৎপাদন হবে। গ্যাসের চাপ আরো বাড়লে উৎপাদন ১ হাজার ৩৫০ থেকে ১ হাজার ৪০০ টন পর্যন্ত হতে পারে।
কারখানা সূত্রে জানা গেছে, গ্যাস-সংকটে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় আট মাস পর গত সোমবার রাতে কারখানাটি আবার পুরোদমে চালু হয়। যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য গত বুধবার রাত থেকে আবারো কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে।
সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা ১৯৯১ সালে দৈনিক ১ হাজার ৭০০ টন উৎপাদনক্ষমতা নিয়ে উৎপাদন শুরু করে। কারখানাটি থেকে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ মোট ১৯ জেলায় সার সরবরাহ করা হয়।