বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৬ জন শিক্ষক ও গবেষক। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে সম্প্রতি এ তালিকা প্রকাশ করেছে। গত বছর এ তালিকায় বাকৃবির ১২ জন গবেষক স্থান পেয়েছিলেন।
গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, উদ্ধৃতি, এইচ-সূচক ও সহলেখকদের প্রভাবসহ বিভিন্ন সূচক মূল্যায়ন করে তালিকাটি তৈরি করা হয়েছে। ২০২৬ সালের এক বছরের গবেষণার ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়। এতে বাংলাদেশের ৮৮টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের মোট ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন।
এ বছর তালিকায় স্থান পাওয়া বাকৃবির গবেষকদের মধ্যে রয়েছেন মৎস্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান। কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর ও সহযোগী অধ্যাপক ড. টুম্পা রানী সরকারও তালিকায় রয়েছেন।
এছাড়া প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান ও সহযোগী অধ্যাপক ড. মো. তাহজিব-উল-আরিফ স্থান পেয়েছেন। জলজ চাষ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক ও সহকারী অধ্যাপক মো. ফজলে রোহানীও রয়েছেন তালিকায়।
অন্যদের মধ্যে রয়েছেন অণুজীববিজ্ঞান ও স্বাস্থ্যবিধি বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান ও অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির। কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীরও তালিকায় স্থান পেয়েছেন।
কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামান খান, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল মজিদ এবং কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হুমায়ূন কবিরও রয়েছেন।
এ তালিকায় আরো রয়েছেন বীজ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান এবং রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান।
প্রতিষ্ঠানভিত্তিক হিসাবে এ বছর দেশের মধ্যে সবচেয়ে বেশি গবেষক স্থান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়টির ২২ জন গবেষক তালিকায় রয়েছেন। ২০ জন গবেষক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
১৬ জন গবেষক নিয়ে দেশের শীর্ষ তিন প্রতিষ্ঠানের তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।