পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো বৈষম্য নয়

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ—কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দল, ধর্ম-বর্ণ বিবেচনা করা হবে না। যে পাওয়ার যোগ্য তাকেই কৃষক কার্ড দেয়া হবে।’

প্রতিমন্ত্রী গতকাল পঞ্চগড়ের বোদা উপজেলায় সরকারি বোদা পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ওসি মো. সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী বেলুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন এবং খুদে বিজ্ঞানীদের নানাবিধ প্রকল্প দেখেন। সেই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এসব প্রকল্প বড় আকারে বাস্তবে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন। পরে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেন। এ সময় তিনি উপস্থিত ইউএনও এবং থানার ওসিকে কোনো দল, আঞ্চলিকতা, ধর্ম-বর্ণ বিবেচনা না করার জন্য নির্দেশ দিয়ে বলেন, ‘আগামীতে পর্যায়ক্রমে আড়াই কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে।

সেই সঙ্গে পর্যায়ক্রমে চার কোটি গৃহিণীকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। আমরা নির্বাচনী ইশতাহারে যা দিয়েছি সেটা অক্ষরে অক্ষরে পালন করা হবে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, আমার নির্বাচনী এলাকার সবাই আমাকে ভোট দিয়েছেন। এ নির্বাচনী এলাকার ৪ লাখ ১৭ হাজার ভোটারের আমি প্রতিনিধি। অতএব এখানে আমি দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে বলছি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি বিবেচনা করবেন না।’

আগামী আড়াই থেকে তিন মাসের মধ্যে ৫০ লাখ পরিবারের গৃহিণীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। এর মধ্যে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় ২০ হাজার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।’

আরও