লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত যুবকের নিজের ঘরে আগুন দেয়ার ঘটনায় আশপাশের ১১টি পরিবারের বসতঘর ও ৬টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত সোহেল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার ভোরে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার আশক আলী ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল হোসেন এলাকার চিহ্নিত মাদকসেবী। মাদকের টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার। সেই জেরে আজ ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তেই সেই আগুন আশপাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। এতে ১১টি পরিবারের বসতঘর, রান্নাঘর ও ৬টি দোকান পুড়ে যায়। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
লক্ষ্মীপুর রায়পুর ফায়ার সার্ভিস জানায়, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
এদিকে আগুন দেয়ার অভিযোগে স্থানীয়রা সোহেল হোসেনকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। গুরুতর আহত সোহেলকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত যুবক সোহেল নিজের ঘরে আগুন ধরিয়ে দেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। স্থানীয়রা তাকে গণপিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা আশঙ্কাজনক।