কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
মামলার আসামিদের নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ওসি। তবে উখিয়া থানা-পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, মামলায় টুপটুপ রিসোর্টের মালিক ও চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা তানভীর সুলতান ও নিয়াজ মোর্শেদকে আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও, পুলিশ এরই মধ্যে তাকে আটক করেছে।
ভস্মীভূত রিসোর্ট থেকে উদ্ধার হওয়া ১০টি মরদেহের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান মজুমদার। পরিচয় নিশ্চিত হওয়ার পরই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, উদ্ধার মরদেহ, নিখোঁজ ব্যক্তি ও পরিচয় শনাক্তের বিষয়ে বিভ্রান্তি দূর করতে ডিএনএ পরীক্ষা করা হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কক্সবাজারে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ বলেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে।
গতকাল সকাল ৭টার দিকে উখিয়ার মেরিন ড্রাইভের ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ নিহত ও অগ্নিদগ্ধ হয়ে আরো ৬ জন আহত হন।
নিহতদের মধ্যে রাজধানী ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩), ফায়িজান আহম্মেদ (৫) ও আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা (২৮)-এর পরিচয় পাওয়া গেছে।
মামলায় তিনজনকে আসামি করা হয়েছে
প্রায় সাত ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর মধ্যে পাঁচজনের মরদেহ পাওয়া যায় রিসোর্টের দোতলার একটি কক্ষের বিছানায়। একই কক্ষের ওয়াশরুমে পাওয়া যায় আরেকজনের মরদেহ। আর তিনতলার একটি ওয়াশরুমে একে অপরকে জড়িয়ে ধরা অবস্থায় পাওয়া যায় চারজনের মরদেহ।
দগ্ধ আহতরা হলেন ঢাকার মুগধা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)। দগ্ধ চারজনের শরীর ৩০-৪০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। আহত অপর দুজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, রিসোর্টটির বিভিন্ন অংশে কাঠ ও প্লাস্টিকের বোর্ড থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ভেতরে থাকা ব্যক্তিরা বের হওয়ার কোন সুযোগ পাননি। উদ্ধার হওয়া মরদেহগুলোর অবস্থা এমন যে, পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তাসনিম জাহানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আ. মান্নান।
অগ্নিকাণ্ডের পর রিসোর্টটির প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানান, টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। এ বিষয়ে আগে সতর্ক করা হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় বৈধতা নেয়নি বলে তিনি জানান।
অন্যদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনের বক্তব্য অনুযায়ী, ওই কর্তৃপক্ষ থেকেও অনুমোদন ছিল না। সেখানে স্থানীয়দের প্রবেশাধিকার সীমিত ছিল বলেও দাবি তার।