ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ৪০৫ রাউন্ড গুলিসহ দুটি বিদেশী এয়ারগান উদ্ধার করেছে র্যাব-৯। রোববার (২৩ নভেম্বর) বেলা পৌনে ১২টায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল সরাইলের নোয়াগাঁও সোনালী ইটভাটা যাওয়ার রাস্তার পাশের একটি ব্রিজের পিলারের নিচে ঝোপের মধ্য থেকে এসব অস্ত্র উদ্ধার করে। উদ্ধার করা এয়ারগান দুটি বিদেশী এবং সচল অবস্থায় রয়েছে।
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মোট ২৫টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া গুলি ও এয়ারগান দুটি জিডিমূলে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।