মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘গবাদি প্রাণীতে অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহারের ফলে ব্যাকটেরিয়াগুলোয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, যা মানব স্বাস্থ্যের জন্য ভবিষ্যতে মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। মানুষ ও গবাদি প্রাণী পাশাপাশি থাকলে প্রাণিসম্পদে ক্ষতিকর কিছু ব্যবহার করা হলে তা মানুষের শরীরে ফেরত আসার সম্ভাবনা তৈরি হয়।’ উপদেষ্টা গতকাল নীলফামারীর সৈয়দপুর ইকো হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট মিলনায়তনে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) আঞ্চলিক কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় জাতের মুরগিসহ অন্যান্য দেশীয় সম্পদগুলো হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হবে এবং অঞ্চলভিত্তিক ক্ষতির কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ করতে হবে। দেশীয় মুরগির পাশাপাশি হাঁসের ডিমের জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করতে হবে। খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ফিড ইন্ডাস্ট্রিতে খাদ্য উৎপাদনের সঙ্গে সঙ্গে খাদ্য তৈরির উপাদানের ক্ষেত্রেও আমাদের স্বয়ংসম্পূর্ণ হতে হবে। বাইরে থেকে খাদ্য তৈরির উপাদান আমদানি করা হলে খাদ্যনিরাপত্তা বিঘ্নিত হতে পারে।’