বালির বস্তায় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দগ্ধ ৩

বরিশালের বাকেরগঞ্জে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে একই পরিবারের দুই নারীসহ তিনজনের শরীর ঝলসে গেছে। তারা নদীতে লাফিয়ে প্রাণে রক্ষা পান।

গতকাল সকাল ৮টার দিকে ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন শাহ আলমের স্ত্রী হনুফা বেগম (৫৫), মেয়ে ইতি (১৮) ও নাতি ফাহিম (১৫)।

শাহ আলমের ছেলে জামাল জানান, ঘরের পাশে থাকা বালির বস্তার মধ্যে একটি বোমা বিস্ফোরণ হয়। সেখানে থাকা তার মা, বোন ও ভাগিনার শরীরে আগুন ধরে যায়। দিগ্বিদিক হয়ে তারা ঘরের সামনে থাকা তুলাতলা নদীতে ঝাঁপিয়ে পড়েন। ততক্ষণে তাদের শরীরের সব কাপড় পুড়ে যায়।

স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‌ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

আরও