ঈদযাত্রার চাপ বাড়তেই একদিনে দেশের সড়কে প্রাণ হারাল ২১ জন

দেশের ১১ জেলায় বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। গতকাল বিভিন্ন সময়ে কুষ্টিয়া, যশোর, দিনাজপুর, কুমিল্লা, চট্টগ্রাম, মানিকগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, গাজীপুর ও জয়পুরহাটে এসব দুর্ঘটনা ঘটে। বণিক বার্তার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত—

কুষ্টিয়া: জেলার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়। এ ঘটনায় বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, ‘তানহা’ পরিবহন নামের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে একটি ভ্যানকে বাঁচাতে গিয়ে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই নারী ও দুই পুরুষসহ মোট চারজন মারা যান। 

যশোর: যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্পের সামনে কাভার্ড ভ্যান, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে যশোরমুখী একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান রূপদিয়ার চাউলিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহা মারা যান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার আলী ও শিশু সৌভিক সাহা। 

দিনাজপুর: জেলার রাণীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু মোটরসাইকেলে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বিরামপুরগামী বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অন্য দুজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওই ট্রাক ও এর হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লা: চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শিরিষ ফ্যাক্টরির শ্রমিক পান্না বেগম রাস্তার পাশ দিয়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে পৌরসভার ডাকবাংলো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত এক ভবঘুরে যুবককে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চট্টগ্রাম: বাসচাপায় পটিয়া আনসার ক্যাম্প এলাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। জানা গেছে, কক্সবাজারগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সিরাজগঞ্জ: তাড়াশে কোরবানির পশুবাহী নসিমন উল্টে চালক আয়নাল হক (৫৭) নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন নসিমন চালক আয়নাল। পথে বস্তুল এলাকায় গরুবোঝাই নসিমনটি উল্টে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়।

জয়পুরহাট: জেলার শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে ট্রাকচাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দিনাজপুর সদরে ব্র্যাকের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, মাহফুজুল মোটরসাইকেলে দিনাজপুর যাচ্ছিলেন। জেলা শিল্পকলা একাডেমির সামনের প্রধান সড়কে ওঠার সঙ্গে সঙ্গে একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।

ফরিদপুর: ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়িচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৩ বছর। স্থানীয়রা জানিয়েছেন, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

খাগড়াছড়ি: জেলার দীঘিনালা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মো. সোহেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সংঘর্ষে আরো চারজন আহত হয়েছে। উপজেলার দীঘিনালা-মেরুং সড়কের বেতছড়ি আর্মি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মানিকগঞ্জ: শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় পান্নু (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ফিরতি একটি গরুবাহী ট্রাক বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজের নিচে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা পান্নুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

গাজীপুর: জেলার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নাসির উদ্দিন নামের এক পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের হেলপার গুরুতর আহত হয়েছেন।

আরও