বাতাসের শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সংকট মোকাবেলাসহ নানা সমস্যা সমাধানের ভাবনা নিয়ে নওগাঁয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। তাদের তৈরি ১০৬টি উদ্ভাবনী প্রকল্প স্থান পেয়েছে মেলায়। এসব প্রকল্পের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা ও বিজ্ঞানভিত্তিক চিন্তা তুলে ধরেছে তারা।
গতকাল সকাল ১০টার দিকে নওগাঁর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিদ্যালয়টির আয়োজনে মেলায় প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। উদ্বোধনের পর বিভিন্ন স্টলে প্রদর্শিত প্রকল্প ঘুরে দেখেন জেলা প্রশাসক। কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ শরিফুর রহমান জানান, শিক্ষার্থীদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।