প্রবাসীরা দেশে যে রেমিট্যান্স পাঠান, তা যে শুধু তাদের পরিবারকে টেকসই করতে সহায়তা করে তাই নয়, বরং একই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি টেকসই জাতীয় উন্নয়নকে এগিয়ে নেয়। তাদের ত্যাগ আমাদের স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির ভিত্তি তৈরি করেছে। তাদের এ অমূল্য অবদানকে স্বীকৃতি দেয়া আমাদের দায়িত্ব।
বণিক বার্তা রেমিট্যান্স যোদ্ধাদের মর্যাদাপূর্ণ সম্মাননা দিতে যে অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে অগ্রণী ব্যাংক কৌশলগত অংশীদার হতে পেরে গর্বিত। দশকের পর দশক ধরে অগ্রণী ব্যাংক প্রবাসী বাংলাদেশীদের জন্য নির্বিঘ্ন, নিরাপদ ও দ্রুত রেমিট্যান্স স্থানান্তর নিশ্চিতে ভূমিকা পালন করে আসছে। সিঙ্গাপুরে আমাদের এক্সচেঞ্জ হাউজ শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্কের মাধ্যমে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে তাদের প্রিয়জনদের কাছে পৌঁছে দেয়ার অঙ্গীকারে অবিচল।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের সহায়তা করার জন্য যেসব সক্রিয় পদক্ষেপ নেয়া হয়েছে, তা অত্যন্ত উৎসাহদায়ক। এ অনুষ্ঠানে আমাদের সম্মানিত নীতিনির্ধারকদের উপস্থিতি এ খাতের জাতীয় গুরুত্বকে আরো স্পষ্ট করে তুলেছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সরকার, আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশী প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী একটি রেমিট্যান্স ব্যবস্থাপনা গড়ে তোলার পথ প্রশস্ত করবে। আমরা সবাই হাতে হাত রেখে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যেতে চাই।