দীর্ঘ ১৪ বছর পর চালু হলো ঝিনাইদহ ২৫ শয্যাবিশিষ্ট সরকারি শিশু হাসপাতালের সেবা কার্যক্রম। গতকাল দুপুরে ফিতা কেটে হাসপাতালটির সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
এ সময় পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা. সেলিনা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, দেশের প্রথম এ সরকারি শিশু হাসপাতালে এখন থেকে বহির্বিভাগে শিশুদের চিকিৎসাসেবা প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে অন্তর্বিভাগও চালু করা হবে। প্রতিদিন একজন শিশু রোগ বিশেষজ্ঞ ও দুজন মেডিকেল অফিসার শিশুদের চিকিৎসাসেবা প্রদান করবেন। ২০০৬ সালে জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণ করা হয় এ হাসপাতাল।