আসন্ন বিজিএমইএ নির্বাচনে অংশ নিতে ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ প্যানেলের প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩১ মে অনুষ্ঠিতব্য ২০২৫-২৭ মেয়াদের এ নির্বাচনে অংশ নিতে এর আগে গত বৃহস্পতিবার ছয়জন স্বতন্ত্র প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন।
আজ শনিবার (২৬ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেয়ার সময় বিজিএমইএ দপ্তরে দুই প্যানেলের নেতা ও প্রার্থীদের স্বাগত জানান বিজিএমইএ প্রশাসক মো. আনোয়ার হোসেন।
প্রথমে ফোরামের প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু) মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা, আনোয়ার উল আলম চৌধুরী (পারভেজ), ফোরামের সভাপতি এম এ সালাম ও প্রধান নির্বাচন সমন্বয়কারী ফয়সাল সামাদসহ ফোরামের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এরপর সম্মিলিত পরিষদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। এ সময় তার সঙ্গে সম্মিলিত পরিষদের সভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান এবং প্যানেল লিডার ও চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালামসহ সম্মিলিত পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেয়া শেষে নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল প্রার্থীদের ধন্যবাদ জানান। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
আজই নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা বোর্ড।
নির্বাচন পরিচালনা বোর্ড জানায়, দ্রুততম সময়ের মধ্যে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা কাজ করছেন। এজন্য তারা সবার সার্বিক সহযোগিতা কামনা করছে।