পশুর নদীতে ট্যাংকারের ধাক্কায় কয়লাবাহী জাহাজডুবি

মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশী জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে রওনা হয় এমভি ফুলবাড়ী। রাত ৯টার দিকে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে একটি তেলবাহী ট্যাংকার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে এবং একপর্যায়ে নদীতে ডুবে যায়

মোংলা বন্দরের কাছে পশুর নদীতে জ্বালানি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ১ হাজার ২৫০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল রাত ৯টার দিকে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে জাহাজটিতে থাকা ৯ জন নাবিক সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে আশ্রয় নিতে সক্ষম হয়েছেন।

ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ফুলবাড়ী। জাহাজটি পুরোপুরি নদীর পানিতে তলিয়ে গেছে। পানির ওপর থেকে এর কোনো অংশ দেখা যাচ্ছে না।

এমভি ফুলবাড়ীর মাস্টার সুজন মোল্লা জানান, গতকাল মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশী জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে রওনা হয় এমভি ফুলবাড়ী। রাত ৯টার দিকে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে একটি তেলবাহী ট্যাংকার জাহাজটিকে ধাক্কা দেয়। এতে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে এবং একপর্যায়ে নদীতে ডুবে যায়।

সুজন বলেন, দুর্ঘটনার সময় জাহাজে থাকা ৯ কর্মচারী সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে আশ্রয় নেন। এতে সবাই প্রাণে রক্ষা পান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন এমভি ফুলবাড়ীতে প্রায় ১ হাজার ২৫০ টন কয়লা ছিল। কয়লাবোঝাই জাহাজটির ঢাকার ঘোড়াশালে যাওয়ার কথা ছিল।

দুর্ঘটনার পর পশুর চ্যানেলে নৌযান চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হলেও মূল নৌপথে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেলের মূল নৌপথ সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক আছে। ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

আরও