গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় দুটি পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা। রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। প্রথমে আতঙ্কিত হলেও পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পেছনের গেট দিয়ে বাইরে যান তারা। এসময় মূল ফটকে আগুন দেখতে পান। এ ঘটনায় প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্থ হলেও অন্য কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের টহল জোরদার থাকায় হামলাকারীরা বড় ধরনের কোনো নাশকতা ঘটাতে পারেনি। ঘটনাস্থল থেকে বোতল উদ্ধার হয়েছে। কারা এ হামলা চালিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।