কুড়িগ্রাম সীমান্ত দিয়ে নারীসহ নয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশইন) দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার মধ্যরাতে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেয়া হয়। তারা সবাই নিজেদের ভারতীয় বলে দাবি করেছেন। অবশ্য বিজিবি বলছে, পুশইন করা ব্যক্তিদের একই পথে গতকাল ফেরত পাঠানো হয়েছে।
বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দারা জানায়, তিন নারীসহ নয় ভারতীয়কে পুশইন করে বিএসএফ। তাদের মাঝে তিনজন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। ভোরে বাংলাদেশের অভ্যন্তরে সাহেবেরখাস এলাকার বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় গোলের হাট ও কচাকাটা বাজারে বিজিবির হাতে তারা আটক হন। তারা সবাই নিজেদের ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন।
আটকদের মধ্যে ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার শাহার আলী জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদের নিয়ে এসে রাতের আঁধারে কাঁটাতার পার করে দেয় বিএসএফ। তাদের দলে নারীসহ নয়জন রয়েছেন।
কুড়িগ্রাম ২২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, পুশইন করা ব্যক্তিরা সীমান্তেই ছিলেন। তারা যে পথ দিয়ে এসেছিলেন সেই পথ দিয়েই ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করা হবে।