বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে রাবার বাগানের জন্য ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের জমি বেদখল এবং দখলকারীদের আইনের আওতায় আনার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম সচেতন জুম্ম ছাত্র সমাজের ব্যনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বান্দরবানে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও প্রকল্প পরিচালক মো. কামাল উদ্দিন ২ শতাধিক ভাড়াটে ব্যক্তি নিয়ে গত ২৬ এপ্রিল স্থানীয়দের উচ্ছেদ করে জায়গা বেদখলের চেষ্টা চালায়। এ সময় স্থানীয়দের মারধর ও ফলজ বাগান কেটে সাফ করে আগুন লাগিয়ে দেয়া হয়।
বক্তারা বলেন, তিন গ্রামের ৪০০ একর জায়গা বেদখলের প্রতিবাদ করায় প্রতিবাদকারী ১১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। রাবার বাগানের নামে অবৈধ লিজ বাতিল এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণসহ হামলাকারীদের শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে মেনন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুমন মারমা, সাংগঠনিক সম্পাদক জগদীশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শান্তিদেবী তঞ্চঙ্গ্যা, মেংসিং মারমা ও প্রেনঙি ম্রোসহ অনেকেই।