রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটক ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে দলটির কার্যালয় থেকে আটক অন্যদের এরই মধ্যে ছেড়ে দেয়া হয়েছে।
গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত শনিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে বেলা আড়াইটার দিকে ২৮৯ জনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ জানিয়েছে, তারা সেখানে গোপন বৈঠক করছিলেন। পরে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জন ছাড়া বাকিদের ছেড়ে দেয়া হয়।
এর আগে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু লোকজনকে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি প্রক্রিয়া নেয়া হবে।’
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া হয়েছিল এবং বহিরাগত অনেকে সেখানে অবস্থান করছিলেন। সেই সঙ্গে বৈঠকও চলছিল—এমন সন্দেহে ক্রাইম ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালায়। অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।