কাপাসিয়ায় ছুরিকাঘাতে নারীর মৃত্যু, অভিযুক্ত পলাতক

বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গাজীপুরের কাপাসিয়ায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম নার্গিস আক্তার (৪৫)। তিনি ধরপাড়া গ্রামের শহীদ দর্জির মেয়ে ও আওলাদ হোসেনের স্ত্রী।

নার্গিস আক্তারের ছোট বোন সুফিয়া আক্তার জানান, ‘আমার বোনকে তার ভাসুর জাকির হোসেনের ছেলে নাজমুল শেখ ছুরি দিয়ে বুকে আঘাত করে খুন করেছে।’ ঘটনার পরপরই তিনি নিহত বোনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান জানান, গত রমজান মাসে নার্গিস আক্তারের স্বর্ণালঙ্কার চুরি হয়। এ ঘটনায় তার ভাসুরের ছেলে নাজমুল শেখের সঙ্গে বিরোধ হলে ইউনিয়ন পরিষদে বেশ কয়েককবার সালিসি বৈঠক হয়েছে। ওই ঘটনা নিয়ে বুধবার সকালেও দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে নাজমুল শেখ তার হাতে থাকা ছুরি দিয়ে নার্গিস আক্তারের বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, নাজমুল শেখ একজন মাদকাসক্ত। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে নার্গিস আক্তার নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও