ঢাকার বাতাসের মানে আজ কিছুটা উন্নতি হয়েছে। সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে এ শহরের বাতাসের একিউআই স্কোর ৭০। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচনা করা হয়।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। তাদের সূচক বলছে, এদিন সকালে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ১৪২ স্কোর নিয়ে শীর্ষ স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো। ১৩৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি, তৃতীয় অবস্থানে বাহরাইনের মানামা (১২৯), চতুর্থ অবস্থানে সৌদি আরবের রিয়াদ (১২৭) ও পঞ্চম স্থানে আছে আরব আমিরাতের দুবাই (১১৯)।
সাধারণত বৃষ্টি হলে বাতাসের মানে কিছুটা উন্নতি লক্ষ্য করা যায়। গতকাল (রোববার) সকালে রাজধানীর বেশকিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার পর দুপুরের দিকে বাতাসের একিউআই স্কোর ৫৬ তে নেমে আসতে দেখা গেছে।
আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।