চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জন বাংলাদেশীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে ভারত থেকে তাদের বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয় বিএসএফ। পরে মাসুদপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী ও ১০ জন শিশু রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। তাদের নাম-ঠিকানা যাচাইয়ের কাজ চলছে। যাচাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ।