ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী পরিচালিত সংগঠন ‘ভয়েস অব বিজনেস’ (ভিওবি) আয়োজন করতে যাচ্ছে ‘ভিওবি রাইটিং কন্টেস্ট ২০২৬। দেশের কলেজ, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য “দ্য আদার সাইড অব হোম: ব্রডার পারস্যুটস” এবং বিষয়বস্তু “দ্য ড্রিম অ্যাব্রড: এডুকেশন, মাইগ্রেশন, অ্যান্ড দ্য প্রাইস অব অপরচুনিটি”।
আয়োজনের মূল লক্ষ্য বিদেশে উচ্চশিক্ষা, অভিবাসনের স্বপ্ন এবং এর পেছনের সামাজিক ও অর্থনৈতিক নানা বাস্তবতা নিয়ে তরুণদের স্বকীয় চিন্তাভাবনা ও বিশ্লেষণ তুলে ধরা।
প্রতিযোগিতায় মোট ২০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে। বিজয়ী পাবেন ১০ হাজার টাকা, প্রথম রানারআপ ৬ হাজার টাকা এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৪ হাজার টাকা। প্রতিযোগিতার সেরা তিনটি লেখা প্রকাশিত হবে ভিওবি-এর ১৬তম ম্যাগাজিন সংখ্যায়। পাশাপাশি, সেরা ১০টি লেখা প্রকাশ করা হবে ভিওবি-এর ওয়েবসাইট ও ফেসবুক পেজে। অংশগ্রহণকারীরা গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রবন্ধ, ফিচারধর্মী লেখা, তথ্যভিত্তিক রচনা কিংবা প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য সৃজনশীল ও চিন্তাশীল লেখার মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে ৭ অক্টোবর ২০২৬ থেকে, যা চলবে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
সমসাময়িক বিভিন্ন বিষয়ে তরুণদের চিন্তা, সৃজনশীলতা ও নিজস্ব মতামত প্রকাশের সুযোগ তৈরিতে ভিওবি নিয়মিতভাবে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। সেই ধারাবাহিকতায় আয়োজিত এবারের প্রতিযোগিতার লক্ষ্য হলো লেখালেখির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণধর্মী চিন্তা ও সৃজনশীল অভিব্যক্তিকে উৎসাহিত করা।
শিক্ষা, অভিবাসন, উচ্চাকাঙ্ক্ষা, সম্ভাবনা এবং ‘বাড়ি’র ধারণার পারস্পরিক সম্পর্ক অনুসন্ধানের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ও বাস্তবতাকে ঘিরে বাংলাদেশের তরুণদের বহুমাত্রিক অভিজ্ঞতা, উপলব্ধি ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আয়োজকদের প্রত্যাশা।
ভয়েস অব বিজনেস ২০০৭ সালে দেশের প্রথম শিক্ষার্থী-পরিচালিত ম্যাগাজিন প্রকাশনা ক্লাব হিসেবে যাত্রা শুরু করে। এ পর্যন্ত ক্লাবটি তাদের ম্যাগাজিনের ১৫টি সংস্করণ প্রকাশ করেছে। ভয়েস অব বিজনেস শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতাসহ নানান ধরনের সেমিনারের আয়োজন করে থাকে।
নিবন্ধন লিংক: https://forms.gle/79xmzteryFojmTTw8