বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্ত কার্যকর করতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
উপ সচিব মো. মেহেদী উল-সহিদের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। শুক্রবার ও শনিবার-সাপ্তাহিক ছুটি থাকবে।
প্রজ্ঞাপনে আরো জানানো হয়, জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ নির্ধারণ করবে। ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। উল্লেখ্য, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে আজ সোমবার সচিবালয়ে এক সভা শেষে মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জ্বালানি সাশ্রয় করতে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংকের কর্মঘণ্টা নতুন করে নির্ধারণ করে দেয়া হচ্ছে। বুধবার থেকে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় হবে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অন্যদিকে ব্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ বিষয়ে সার্কুলার দেবে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই অফিসসূচি বহাল থাকবে।
এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে। আনোয়ারুল ইসলাম বলেন, আমন চাষের জন্য আজ সোমবার দিবাগত মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বিরামহীন বিদ্যুতের ব্যবস্থা করা হবে।