ফেনী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে চেষ্টার সময় দুই নারী আটক

আটক দুই নারী হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।

ফেনীর ফুলগাজী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় দুই নারীকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নোয়াপুর সীমান্তসংলগ্ন মধ্য কামাল্লা এলাকা থেকে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরে আজ শনিবার দুপুরে বিজিবির মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আটক দুই নারী হলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার নয়াখালী এলাকার মৃত সুধীর দাশের স্ত্রী সোনা লক্ষী (৭০) এবং বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের দোলগনি গ্রামের বিষু দাশের স্ত্রী শান্তনা (৪০)।

বিজিবি সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে ১০ বিজিবির আওতাধীন ফুলগাজীর নোয়াপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৩১-৭ এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে মধ্য কামাল্লা এলাকায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন ওই দুই নারী। এ সময় গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের নোয়াপুর বিওপির বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি তাদের ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া জানান, আটক দুই নারী এর আগে ভারতে অবস্থান করতেন। বাংলাদেশ থেকে আবার বেআইনিভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে পাসপোর্ট ও সীমান্তসংক্রান্ত প্রচলিত আইনে মামলা করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও