দূষিত শহরের তালিকায় সবার শীর্ষে আজ পাকিস্তানের শহর লাহোর। এরপরের অবস্থানেই আছে ভারতের রাজধানী নয়াদিল্লি। দুটো শহরের বায়ুমানই ‘দুর্যোগপূর্ণ’। এ তালিকায় ১১তম অবস্থানে রয়েছে রাজধানী শহর ঢাকা।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর সকাল ১০টা ২০ মিনিটের তথ্য অনুযায়ী, ৩৯৪ স্কোর নিয়ে সবচেয়ে দূষিত বাতাসের শহর আজ লাহোর। ৩৩৪ স্কোর নিয়ে এর পরের অবস্থানে নয়াদিল্লি।
অন্যদিকে, এ তালিকায় ১১২ স্কোর নিয়ে এখন ১১তম অবস্থানে ঢাকা। সে হিসাবে বাতাসের মান ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’।
২৬৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার তৃতীয় অবস্থানে ভারতের শহর কলকাতা। পরের দুটি অবস্থানে যথাক্রমে পাকিস্তানের আরেক শহর করাচি ও উগান্ডার রাজধানী কাম্পালা।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।