প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের প্রস্তুতির কারণে আগামীকাল রোববারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা স্থগিত করা হয়েছে। সভার নতুন তারিখ পরে জানানো হবে।
আজ শনিবার রাতে পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দীনের পাঠানো এক বিবৃতিতে সভা স্থগিতের কথা জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য কারণে ২৫ অক্টোবরের নির্ধারিত একনেক সভা স্থগিত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পরিকল্পনা কমিশনের এক শীর্ষ কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, রোববার রাতে প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রীর জাপান সফরে যাওয়ার কথা রয়েছে। সফরের প্রস্তুতির জন্য একনেক সভা স্থগিত করা হয়েছে। সভার আগের দিন অনেক ফাইলে স্বাক্ষর করতে হয় বলেও জানান তিনি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সরকারি সফরে জাপান যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০ অক্টোবর দুদেশের সরকার আনুষ্ঠানিকভাবে এ সফরের ঘোষণা দেয়।