ক্রয় কমিটির সভায় অনুমোদন

হাজার কোটি টাকায় তেল-গ্যাসের তিন কূপ খনন করবে চীনা প্রতিষ্ঠান

দেশে গ্যাস ও তেলের উৎপাদন বাড়াতে তিনটি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৯৪৫ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৬৩৫ টাকা। কূপগুলো খননের কাজ পেয়েছে দুই চীনা প্রতিষ্ঠান।

গতকাল অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় ডিজেল ও সার আমদানিসহ আরো বেশকিছু ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাপেক্সের বাস্তবায়নাধীন ‘তিনটি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন’ প্রকল্পের আওতায় টার্ন-কি ভিত্তিতে দুটি কূপ (শ্রীকাইল ডিপ-১ ও মোবারকপুর ডিপ-১) খনন কার্যক্রম বাস্তবায়নের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ৭১৩ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা। চীনা প্রতিষ্ঠান সিএনপিসি চুয়ানছিং ডিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে এ দুটি কূপ খননের কাজ দেয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘সিলেট-১২ নং তেল কূপ খনন’ প্রকল্পের আওতায় টার্ন-কি ভিত্তিতে আনুষঙ্গিক কাজসহ কূপ খনন কার্যক্রম বাস্তবায়নের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ২৩২ কোটি ৭ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা। চীনের প্রতিষ্ঠান সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন এ কূপ খননের কাজ পেয়েছে।

মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে বৈঠকে এক লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হলে তাতে সম্মতি দেয় কমিটি। জাপানের মাজদা অয়েল কোম্পানি লিমিটেডের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এ ডিজেল কিনতে ব্যয় হবে ১ হাজার ৭৫৭ কোটি ৯৪ লাখ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক করপোরেশনের (প্রোডিনটর্গ)’ মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা। প্রতি টন সারের দাম ধরা হয়েছে ৩৬৮ দশমিক ১৩ ডলার।

আরও