মাগুরায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ছোটব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার মাঝাইল গ্রামের আহম্মদ হোসেনের ছেলে অসীম বিশ্বাস (১৮) ও আলতাফ হোসেনের ছেলে লিমন হোসেন (২৮)। তারা দুজনই হোটেল শ্রমিক, কাজে যোগ দিতে বাড়ি থেকে মাগুরা শহরে ফিরছিলেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস মাগুরা-ঝিনাইদহ সড়কের ছোটব্রিজ এলাকায় ওই মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়।
বাসটিকে ফরিদপুর থেকে জব্দ করা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজুর।