কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
এ দুই পুলিশ সদস্য হলেন এএসআই ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। তিনি জানান, মাদক উদ্ধারের উদ্দেশ্যে থানার ওই দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় যান। এসময় নতুন যোগ দেয়া কনস্টেবল রোহিত দেওয়ান পথ চিনতে না পেরে এক মাদক কারবারিকে ধাওয়া করতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৯ নম্বর পিলারসংলগ্ন নো ম্যানস ল্যান্ডে প্রবেশ করেন। পরে স্থানীয় মাদক কারবারিরা তাকে আটকে রাখে। কনস্টেবল রোহিত দেওয়ানকে উদ্ধার করতে গেলে এএসআই ইমরান হোসেনকেও ধরে বিএসএফের কাছে দিয়ে দেন তারা। পরে বিএসএফ তাদের নিয়ে যায়।
ওসি মো. ফারুক হোসেন বলেন, দুই পুলিশ সদস্যকে ফিরিয়ে আনতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন।