এনজিও, বেসরকারি খাত ও সরকারের প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী

মানব উন্নয়ন, স্থানীয় সংস্কৃতি রক্ষা ও বেসরকারি খাতের অংশগ্রহণে একটি সমন্বিত কাঠামো প্রয়োজন বলেও জানান অর্থমন্ত্রী। সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে এনজিওসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এরই মধ্যে কাজ শুরু করেছেন। এসব উদ্যোগের অংশীদারত্বকে আরো প্রাতিষ্ঠানিক ও নীতিগত রূপ দেয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তোলা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে টেকসই অর্থায়নে সময়সীমা নির্ধারণ করে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে ‘বিদেশ নির্ভরতা পেরিয়ে: বাংলাদেশে এনজিও অর্থায়নের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে উদ্ভূত বিভিন্ন সংকটের সমাধান ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু সমস্যা শোনা নয়, এর কার্যকর সমাধান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

মানব উন্নয়ন, স্থানীয় সংস্কৃতি রক্ষা ও বেসরকারি খাতের অংশগ্রহণে একটি সমন্বিত কাঠামো প্রয়োজন বলেও জানান অর্থমন্ত্রী। সৃজনশীল অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে এনজিওসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এরই মধ্যে কাজ শুরু করেছেন। এসব উদ্যোগের অংশীদারত্বকে আরো প্রাতিষ্ঠানিক ও নীতিগত রূপ দেয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে শক্তিশালী প্রাতিষ্ঠানিক অংশীদারত্বের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন সেবা সরাসরি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে এনজিওগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এনজিওগুলোর টেকসই অর্থায়নের পথ সহজ করারও আহ্বান জানান মন্ত্রী।

শীতলপাটিসহ স্থানীয় কারুশিল্পের ঐতিহ্য তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসব ঐতিহ্যবাহী পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে আধুনিক নকশা, পণ্যের মূল্য সংযোজন ও বাজারজাতকরণে গুরুত্ব দিতে হবে।

প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে চারটি শর্ত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। শর্তগুলো হলো অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে সুফল, কর্মসংস্থান বা উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশগত বিবেচনা ও সুরক্ষা।

মন্ত্রী বলেন, এসব চারটি শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন দেয়া হবে না।

সেমিনারে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকী, পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও